এইচএসসির খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় পরীক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি : প্রতীকি

চলমান এইচএসসি পরীক্ষার খাতায় ভুল রেজিস্ট্রেশন নম্বর লেখায় তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে তিনি কীটনাশক পান করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তনু চন্দ্র দাস নামের ওই পরীক্ষার্থী জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিতিস চন্দ্র দাস ও উজ্জ্বল রাণী দাসের একমাত্র মেয়ে। বিতিস চন্দ্র দাস মনপুরা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মেয়েটির মা উজ্জ্বল রাণী দাস ঢাকা মেইলকে বলেন, সোমবার তনু চন্দ্র দাসের জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষার খাতায় সে ভুলক্রমে 'ভুল রেজিস্ট্রেশন' নম্বর লিখে ফেলেছেন। পরে পরীক্ষা শেষে সে বাড়ি ফিরে বারবার আমাকে বলছিলেন, 'আম্মু আমি ভুল করে পরীক্ষার খাতায় আজকে ভুল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছি, ' 'আমি আর পাস করব না'। এ কথা বলে সে কান্নাকাটি করতে থাকে। পরে আমি তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছি। রাত ৯টার দিকে সে তাঁর রুমে ঢুকে ঘরে থাকা পানের বরজের কীটনাশক খেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে সেখান থেকে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে ভোলা সদর হাসপাতালের ইমারজেন্সি রুমে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি খুব মর্মান্তিক এবং দুঃখজনক উল্লেখ করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, মেয়েটির লাশ এখনো হাসপাতালে আছে, তার মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।