ঝিনাইদহে ২৯ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের "পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
২০২২ সাল থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের (পিবিজিএসআই) স্কিম এসইডিপি” প্রকল্পের আওতায় প্রতি বছরই মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ ও ক্রেস্ট পুরস্কার দেওয়া হবে।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সরকারি এম ইউ কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়েই, সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।