হাটহাজারীতে নকল আকিজ বিড়িসহ আটক ১

হাটহাজারীতে নকল আকিজ বিড়িসহ আটক ১

ছবি: প্রতিনিধি

চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩ টার অভিযান চালিয়ে নকল বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অঙ্কের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারে অভিযান চালায় থানা পুলিশ। এসময় পঁচাত্তর হাজার (৭৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

অভিযানকালে নকল আকিজ বিড়িসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত নকল আকিজ বিড়ি হাটহাজারী থানা হেফাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে র‌্যাব, পুলিশ এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের অভিযান বৃদ্ধির দাবি জানাচ্ছি।