ডাকাতির প্রস্তুতিকালে আবাসিক হোটেল থেকে আটক ৪
ছবি : প্রতীকি
যশোরের মণিরামপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও চাকুসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মনিরামপুর পৌর শহরে গরুহাট মোড়ে আবাসিক হোটেলের ৪র্থ তলার একটি কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
এ সময় কক্ষের ভেতর থেকে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) এবং আবু সিনহাকে (৪৫) আটক করে পুলিশ। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। তবে অভিযানের সময় হোটেল মালিক ফয়সাল হুমায়ুন পালিয়ে যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হুমায়ুন ফয়সাল ও আটক চার জনের বিরুদ্ধে মামলা করেছে।