বসত ঘরে ঝুলছিল হাত-পায়ে শিকল বাঁধা যুবকের মরদেহ
ছবি : প্রতীকি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বসত ঘর থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২ আগস্ট) সকালের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম পায়েল মিয়া (২৪)। তিনি বেতগাড়া রাঙ্গার মোড় গ্রামের আতাব আলীর ছেলে।
স্বজনরা জানায়, পায়েল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তার হাত ও পায়ে শিকল বেঁধে রাখা হয়। এরই মধ্যে শুক্রবার রাতে শোবার ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকালে জেগে না ওঠায় ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়রা বলছেন, পায়েল মিয়ার হাতে ও পায়ে শিকল লাগানো অবস্থায় সে কিভাবে ঘরের তীরে দড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে? তার মৃত্যুটি রহস্যজনক।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পায়েলের স্বজনরা বলছে, সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।