চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

সংগৃহীত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” কর্মসূচির অংশ হিসেবে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক আয়োজনে এই কার্যক্রমের সূচনা হয়।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ এবং শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার লক্ষ্য রাখা হয়েছে।

চারা বিতরণকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, পরিবেশবান্ধব জীবনচর্চা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’