এ কী হাল কোহলির
ছবি: সংগৃহীত
বিরাট কোহলির ফিটনেস থেকে ফ্যাশন আর ক্রিকেটের বাইশ গজে নানা রেকর্ড ও পরিসংখ্যানে শিরোনাম হয়েছেন বহুবার। তবে এবার একটু ভিন্ন হয়েই শিরোনামে আসলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। পাকা দাড়ি আর ঢিলেঢালা পোশাকে লন্ডনের এক রাস্তায় ঘুরতে দেখা গেছে কোহলিকে। এরপরই কোহলির নতুন লুক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
গত শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে ছবি তুলেছেন বিরাট, যা সেই ব্যবসায়ী ইনস্টাগ্রামে শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
বিরাট কোহলি বরাবরই ছিলেন ফিটনেস ফ্রিক হিসেবে পরিচিত। নতুন লুকেও তার ফিটনেস চোখে পড়ে, তবে অনেকেই তার পাকা দাড়ি ও সাদা চুল দেখে অবাক হয়েছেন। ছবিতে তার দাড়ি-গোঁফ ও ভ্রুতেও বেশি সাদা রং দেখা গেছে, যা বয়সের ছাপ স্পষ্ট করছে।
মাস তিনেক আগে মাত্র ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তার অবসরের পেছনে রহস্য খুঁজে অনেকেই মজা করেছিল, যখন তিনি বলেছিলেন, ‘চার দিন পরপর দাড়িতে কলপ করতে হয়।’ কিন্তু এখন এই নতুন ছবিতে তার দাড়ির সাদা রং দেখে বোঝা যাচ্ছে, যে রসিকতা ছিল না এই কথাগুলো।
নেটিজেনদের একাংশ বলছেন, বিরাট কোহলি সত্যিই বয়সের ছাপ মেনে নিচ্ছেন। কেউ আবার তাদের দুঃখ প্রকাশ করেছেন, ‘এভাবে কোহলিকে বুড়ো হতে দেখে মন খারাপ হচ্ছে।’
সম্প্রতি যুবরাজ সিংয়ের ‘ইউ উই ক্যান’ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে মজার ছলে বিরাট বলেছিলেন, ‘দু’দিন আগেই দাড়িতে কলপ করলাম। যখন চার দিন পরপর দাড়িতে কলপ করতে হয়, তখন বুঝতে হবে সময় এসে গেছে।’ হয়তো এই ‘সময়’ বিরাট নিজেই উপলব্ধি করেছেন তার দাড়ির রং থেকে।