রিয়াল মাদ্রিদে নতুন জার্সি পেলেন এন্ড্রিক

রিয়াল মাদ্রিদে নতুন জার্সি পেলেন এন্ড্রিক

এন্ড্রিক

নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন এন্ড্রিক। গুঞ্জন ছিল এন্ড্রিককে ধারে অন্য ক্লাবে পাঠাতে চেয়েছিল রিয়াল, তবে তিনি রাজি ছিলেন না। এসবের মাঝেই ব্রাজিল ফরওয়ার্ডকে সুখবর দিয়েছেন জাভি আলোনসো।

মদ্রিচ এসি মিলানে যোগ দেওয়ার পর লস ব্লাঙ্কোসদের ১০ নাম্বার জার্সি গায়ে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এতে তার ৯ নম্বর জার্সিটি খালি হয়, আর সেটিই এন্ড্রিকের হাতে তুলে দিয়েছেন রিয়াল কোচ।

গত মৌসুমে ১৬ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন এন্ড্রিক। তবে তার ইনজুরির পর ১৬ নম্বর জার্সি উঠছে গঞ্জালো গার্সিয়ার গায়ে। সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের সবচেয়ে বড় প্রাপ্তি ২১ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। যেখানে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি যৌথভাবে টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা। 

তাই অনেকে মনে করছিলেন, নতুন মৌসুমে রিয়ালের ৯ নম্বর জার্সি পাবেন গার্সিয়া। তবে শেষমেষ বেনজেমা-এমবাপের পরিহিত জার্সিটি ব্রাজিল ফরোয়ার্ডকেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে– এন্ড্রিক নিজ থেকে জার্সিটি চাননি, তবে রিয়ালের কোচিং স্টাফ প্রথম দলে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকেই বেছে নেয়। সবমিলিয়ে বয়সে সিনিয়র হলেও প্রথম দল স্কোয়াডের হিসাবে গঞ্জালো গার্সিয়া জুনিয়র। তাই তিনি ১৬ নম্বর জার্সি পরবেন। এ ছাড়াও নতুন করে দলটিতে যুক্ত হওয়া কয়েকজন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়েছে মার্কা। 

প্রতিবেদনে বলা হয়—লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ইতোমধ্যে ক্লাব বিশ্বকাপে ১২ নম্বর গায়ে খেলেছেন। আরেক তরুণ ডিফেন্ডার ডিন হুইজসেন ২৪, আলভারো ক্যারেরাস ১৮ এবং রাউল অ্যাসেন্সিও পরবেন ১৭ নম্বর জার্সি। এর বাইরে বাকি কেবল ১৫ নম্বর, যা আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো পেতে পারেন।