গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ছবি : সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. আর. জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, এবং জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ত্বাহা হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের ওপর হামলা মানে সত্য ও গণতন্ত্রকে রুদ্ধ করা। তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর দাবি জানান।