ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে তেল-চিনি ও ডাল
ফাইল ছবি
সাধারণ ভোক্তাদের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার (১০ আগস্ট) থেকে এ কার্যক্রম চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
শনিবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩০ দিন (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি চলবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ৫টি করে ট্রাক ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন পণ্য বিক্রি করবে।
প্রতি ট্রাকে প্রতিদিন ৫০০ জন সাধারণ ভোক্তা নির্ধারিত দামে টিসিবির পণ্য কিনতে পারবেন। এক্ষেত্রে কার্ডের প্রয়োজন নেই। সাধারণ ভোক্তা ২ লিটার সয়াবিন তেল ২৩০ টাকায়, ১ কেজি চিনি ৮০ টাকায় এবং ২ কেজি মশুর ডাল ১৪০ টাকায় কিনতে পারবেন।
এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে ৫ কেজি চাল (প্রতি কেজি ৩০ টাকা), ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১০০ টাকা), ২ কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা) ও ১ কেজি চিনি (৭০ টাকা) পেতে পারবেন। সব মিলিয়ে এই প্যাকেজের দাম পড়বে ৫৪০ টাকা।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই কার্যক্রম চালু রাখা হয়েছে।