বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে যা জানাল বিসিবি
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। বিপিএলের এবারের আসর আয়োজনের দায়িত্ব নিতে চূড়ান্ত পর্যায়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট পরিচালনার জন্য সম্পূর্ণ দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা হাতে নেয় বোর্ড।
ইতোমধ্যে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ করেছে বিসিবি। এতে সাড়া দিয়েছে সাতটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান। ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপ।
গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন গ্রহণের পর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। শনিবার (৯ জুলাই) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সংক্রান্ত আলোচনা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।