কলকাতায় প্রথমবারের মতো লোকাল এসি ট্রেন চালু
সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো শীতাতপনিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। এটি শিয়ালদহ থেকে নদীয়া জেলার রানাঘাট পর্যন্ত চলাচল করবে। রোববার (১০ আগস্ট) দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীসুকান্ত মজুমদার*। এই ট্রেনটি শিয়ালদহ থেকে রানাঘাট পৌঁছাতে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট সময় নেবে।
নতুন এই এসি ট্রেনে ১২টি কোচ রয়েছে, যা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। এটি প্রতি ট্রিপে ১ হাজার ১২৬ জন যাত্রী বহন করতে পারবে এবং এতে রয়েছে আধুনিক সব সুবিধা। যাত্রীরা সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক টিকিট কেটে যাতায়াত করতে পারবেন। ট্রেনটি এই লাইনের সব স্টেশনে থামবে না, শুধুমাত্র বিধাননগর (উল্টোডাঙ্গা), দমদম, সোদপুর, খড়দা, বারাকপুর, নৈহাটি, কাচড়াপাড়া, কল্যাণ ও রানাঘাটে থামবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, এই এসি ট্রেন চালুর ফলে এই লাইনের মানুষের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। তিনি আরও জানান, সোমবার থেকে রানাঘাট স্টেশন থেকে নিয়মিত ট্রেনের পরিষেবা শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর সুকান্ত মজুমদার ট্রেনে করে দমদম স্টেশনে নামলে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর সমর্থকরা বিক্ষোভ দেখান। তারা ভোটার তালিকা সংশোধনের নিমিত্তে জারি করা এসআইআর (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন) এবং বাংলা ভাষা ও বাঙালী হেনস্তার প্রতিবাদ করেন।
এ সময় সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় এসআইআর হবেই। দম থাকলে আটকে দেখান।" এর জবাবে আইএনটিটিইউসি-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তারা এই রাজ্যে বাংলা ভাষা ও বাঙালী হেনস্তা এবং এসআইআরের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন।