খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

খুলনায় শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ফাইল ছবি

খুলনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ।

সোমবার (১১ আগস্ট) রাতে সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন ডিবির ইন্সপেক্টর বিধান চন্দ্র রায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন— খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক এমপি এস এম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান।

পুলিশ জানায়, এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক আছেন। তাকেসহ পারভেজ আলম খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা এলাকা থেকে এম এম মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ফোন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপের মাধ্যমে ‘তেরোখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ নামের গ্রুপ ব্যবহার করে সরকার উৎখাতের পরিকল্পনা করা হচ্ছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। গত ৪ আগস্ট অনুমতি মেলে।