নারায়ণগঞ্জে শিল্পপতিকে চাঁদাবাজির হুমকি, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জে শিল্পপতিকে চাঁদাবাজির হুমকি, মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার স্থানীয় বাসিন্দা মো. আজম নামে এক ব্যবসায়ীকে চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

তিনি দাবি করেন, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী তার কাছ থেকে চাঁদ দাবি করছেন। চাঁদা না দিলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে রিয়াদের নির্দেশে ফতুল্লার একটি ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং সেখানে কর্মরত এক কর্মকর্তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনার পর উল্টো তার বিরুদ্ধেই হত্যা ও চাঁদাবাজির মামলা করা হয়।

শিল্পপতি অভিযোগ করেন, মামলা থেকে জামিনে থাকার পরও রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিয়মিত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে এবং তার প্রতিষ্ঠানকে অচল করার চেষ্টা চলছে। এতে প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছে।

তিনি আরও দাবি করেন, ওই প্রভাবশালী নেতা নিজের দল থেকেও বহিষ্কৃত। তারপরও এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং বিভিন্ন সময় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। এ অবস্থায় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে নিরাপত্তা এবং ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও নিরাপত্তা চাই। আমার প্রতিষ্ঠানের শতাধিক কর্মীর জীবিকা হুমকির মুখে।