ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি, চলতে পারে দুপুর পর্যন্ত
সংগৃহীত
রাজধানী ঢাকায় বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যা এখনো থামেনি। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই বৃষ্টি আরও ২ থেকে ৫ ঘণ্টা স্থায়ী হতে পারে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ সকাল থেকে দুপুর ১২টার মধ্যে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তিনি জানান, বিশেষ করে ঢাকার উপর ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলে আজ সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১০টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরও আজ সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
ঢাকার দক্ষিণ ও পূর্বাংশ ঘেঁষা জেলাগুলোতেও আজ সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলার মধ্যে রয়েছে—মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুর।
এছাড়া সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, তাপমাত্রাও কিছুটা কম। অফিসগামী মানুষের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি চলাচলেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।