সুনামগঞ্জে শিক্ষার্থীসহ ৪ মৃত্যু, বাসচালক রিমান্ডে
প্রতিকী ছবি
সুনামগঞ্জের সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় সিএনজিকে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাসচালককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এ আদেশ দেন। এ বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আকবর হোসেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘাতক চালকের নাম জাকির আলম (৩৫)। সে সিলেটের মাহতাবপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
বুধবার দুপুরে জেলার শান্তিগঞ্জের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্য যাত্রীদের সঙ্গে সিএনজিযোগে শহরে ফিরছিলেন দুই শিক্ষার্থীসহ ৫ জন।
ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী বাস ওই সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম (৫০) ও আফসানা জাহান খুশীর (১৭) মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে স্নেহা (১৮) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর সিএনজিচালক আব্দুর রশিদের (২৭) মৃত্যু হয়।