পাংশা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেপ্তার

পাংশা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রেপ্তার

সাইফুল ইসলাম ব্যুরো

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক রেলমন্ত্রী জিলুল হাকিমের আস্থাভাজন খন্দকার সাইফুল ইসলাম ব্যুরোকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাত সাড়ে ৮টায় তাকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। 

তিনি বলেন, পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খন্দকার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো রাজবাড়ী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন প্রভাবশালী এক নেতা এবং সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।