১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ ইনসাফ পার্টি

১০০ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ ইনসাফ পার্টি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০০ আসনের প্রার্থিতা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসএম আব্দুল লতিফ লিখিত বক্তব্যে এ কথা জানান।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট জুলুমবাজ, দলীয় কায়েমী স্বার্থবাদী ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হয়েছে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের মাধ্যমে প্রায় দেড় যুগের কঠিন দুঃশাসনের অবসান ঘটেছে। এটি শুধু কর্তৃত্ববাদী ক্ষমতাসীন একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সাময়িক সফল সংগ্রামই নয়, বরং প্রতিটি রাজনৈতিক দল ও যে কোনো অত্যাচারী ও বৈষম্য সৃষ্টিকারী বলয়ের জন্য এক দীর্ঘস্থায়ী সতর্কবার্তা ও সংশোধনের তাগিদ। এটি ভবিষ্যৎ নেতৃত্ব উত্থানের শুভ ইঙ্গিত। এ সংগ্রামে যারা প্রাণ হারিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি।

বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সভাপতি মাওলানা মো. গোলাম আযম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র ও তরুণদের নতুন রাজনৈতিক দল ঘোষণা ও রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই। তাদের অংশগ্রহণে দেশের রাজনৈতিক ও সার্বিক কর্মকাণ্ডে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম মেহেদী, বাংলাদেশ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ মাদানী প্রমুখ।