সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও এলো ৭৭৯ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও এলো ৭৭৯ টন পেঁয়াজ

সংগৃহীত

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে ২৭টি ভারতীয় ট্রাকে করে ৭৭৯ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি জানান, রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই ভারতীয় ট্রাকে পেঁয়াজ আসতে থাকে। সারাদিনে ২৭ ট্রাকে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ আসে। কয়েকজন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে চার মাস এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ১১৯ জন আমদানিকারককে মোট ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রথমবারের মতো এ বন্দর দিয়ে আমদানি শুরু হয়। সেদিন দু’জন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ এনেছিলেন।

তবে রোববার নতুন করে ৭৭৯ মেট্রিক টন আমদানি হওয়ায় এখন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চলতি মৌসুমে মোট ৮৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হলো।