পরিত্যক্ত ব্যাগে মিলল কষ্টিপাথরের মূর্তি
সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থানে পরিত্যক্ত এক ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে জরুরি বিভাগের পাশের ময়লার স্থান পরিষ্কার করতে যান এক পরিচ্ছন্নতাকর্মী। কিছু সময় পর তিনি ফিরে এসে জানান, একটি ব্যাগ পড়ে আছে—মনে হচ্ছে এর ভেতরে বোমা থাকতে পারে। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি সাবধানে খোলা হলে ভেতরে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। মূর্তিটির ওজন প্রায় তিন কেজি। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তিটি গ্রহণ করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপে ফেলে রাখা একটি ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।