সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে এলো ৩০০ টন চাল

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে এলো ৩০০ টন চাল

সংগৃহীত

চাঁপাইনবাবঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে ৩০০ টন চাল আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বন্দর পরিচালনাকারী অপারেটর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মঙ্গলবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৪টি ট্রাকে করে ১৮০ টন ভারতীয় চাল আমদানি করা হয়েছে। এর আগে গত রবিবার (১৭ আগস্ট) দীর্ঘদিন পর ৩টি ট্রাকে করে ১২০ টন চাল আমদানি হয়। তবে আমদানি করা এসব চালের এখনও খালাস সম্পন্ন হয়নি।

অন্যতম চাল আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, শুল্ক বেশি হওয়ার কারণে এতদিন আটকে ছিল আমদানি ও খালাস। এনবিআর শুল্ক ৬৩ শতাংশের স্থলে ২ শতাংশ নির্ধারণ করায় পুনরায় আমদানি শুরু হয়েছে।

বন্দরের রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান বলেন, মন্ত্রণালয় দেশীয় চালের স্বার্থ সুরক্ষায় আমদানি বন্ধ রেখেছিল।

কয়েকদিন আগে ইমপোর্ট পারমিশন (আইপি) দেওয়া শুরু করে। এরপর শুরু হয় আমদানি।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় দেশে চালের দাম কমে আসবে। বাজারে দ্রুত এর প্রভাব পড়বে।