জুলাই সনদের স্বীকৃতিতে রাষ্ট্রপতির ঘোষণা বা গণভোট চায় জামায়াত
ফাইল ছবি
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য রাষ্ট্রপতির ঘোষণা বা গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, গণতন্ত্রের পথে উত্তরণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া জরুরি।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ দাবি জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতারা।
বৈঠকে ঐকমত্য কমিশন কর্তৃক সরবরাহকৃত জুলাই জাতীয় সনদ নিয়ে বিশদ আলোচনা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, সনদের কিছু বিষয় নিয়ে কমিশনের সঙ্গে পুনরায় আলোচনায় বসবে জামায়াত।