মেসির সঙ্গেই ক্যারিয়ারের ইতি টানতে চান সুয়ারেজ
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজের বন্ধুত্বটা আজকালের নয়। বার্সেলোনায় থাকার সময় থেকে শুরু। এরপর দুজনের পথ ভিন্ন বাঁক নিলেও ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনই আবার এক হয়েছেন। খেলছেন ইন্টার মিয়ামিতে। এরই মাঝে মেসির সঙ্গে সুয়ারেজের বন্ধুত্বটাও গাঢ় হয়েছে আরও। এ কারণেই হয়তো মিয়ামিতে মেসির পাশে থেকেই ফুটবলকে বিদায় জানাতে চান লুইস সুয়ারেজ। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তি শেষের পথে, তবে তিনি চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন।
বার্সেলোনায় ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন মেসি-সুয়ারেজ। ওই সময় চারটি লা লিগা, চারটি কোপা দেল রে, দুটি সুপারকোপা, একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই জুটি। এরপর সুয়ারেজ পাড়ি জমান অ্যাটলেটিকো মাদ্রিদে। তবে ২০২৩ সালে আবারও মায়ামিতে একত্র হন তারা।
গত মৌসুমে এমএলএসে ২০ গোল করে ইন্টার মায়ামির সাপোর্টারস শিল্ড জয়ে বড় ভূমিকা রাখেন উরুগুইয়ান ফরোয়ার্ড। তবে চলতি মৌসুমে ২১ ম্যাচে মাত্র ৬ গোলই এসেছে তার পা থেকে। চলতি মৌসুম শেষেই শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি যা মেসির ক্ষেত্রেও প্রযোজ্য। তবে গুঞ্জন আছে, মেসি শিগগিরই নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন।
৩৮ বছর বয়সী সুয়ারেজ এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন। গত সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। তবে মেসির সিদ্ধান্তের ওপর নিজের ভবিষ্যৎ নির্ভর করছে না বলেও জানান সুয়ারেজ। তবু মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
"আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে সিদ্ধান্তটা নিতে হবে নিজে এবং পরিবারের কথা ভেবেই," মিয়ামির হয়ে টিগ্রেসের বিপক্ষে লিগস কাপের কোয়ার্টার ফাইনালের আগে বলেন সুয়ারেজ। "অবশ্যই, মেসির সঙ্গে অবসরে যেতে পারলে ভালো লাগবে। বহু বছর ধরে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। তবে সিদ্ধান্তটা আমাদের দুজনেরই আলাদা। আমি এখানে খুশি, শারীরিকভাবেও ভালো অনুভব করছি। ক্লাব যদি চায় আমি এখানেই অবসর নেই, তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই।"
তিনিও আরও বলেন, "আমি জানি, কিছু কিছু সময় আমি আরও ভালো দিতে পারি। আরও অবদান রাখতে চাই দলের জন্য। তবে ফুটবলে সবসময় সবকিছু নিজের মতো হয় না। আমি নিজের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মিয়ামিকে সামনে এগিয়ে নেওয়া, ম্যাচ জেতানো, শিরোপা জেতা।"