আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ আজ
ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় আসামিপক্ষের অভিযোগ গঠনের আদেশ আজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশের দিন ধার্য রয়েছে।
এর আগে, গত ১৩ আগস্ট দিনটি ধার্য করেন ট্রাইব্যুনাল-২। ওই দিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
জানা গেছে, এই মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।
এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।