ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ডাম্প ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ ছাড়া গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।