বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

সংগৃহীত

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুলভ চিকিৎসাসেবার নিশ্চয়তায় এক অনন্য উদ্যোগের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয় চত্বরে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে একটি অস্থায়ী বুথে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে দেওয়া সেবাগুলোর মধ্যে ছিল— বিনামূল্যে ওষুধ সরবরাহ, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই (ওজন ও উচ্চতা) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গাইনি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ।

দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসাসেবা দেন তিনজন অভিজ্ঞ চিকিৎসক। তারা হলেন— ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মিতানূর রহমান। এ ছাড়া তাদের সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২ জন নার্স সারা দিন শিক্ষার্থীদের পাশে থেকে চিকিৎসাসেবা প্রদান করেন।

 

সেবাগ্রহীতা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিজা আক্তার জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এমন একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আত্মপ্রকাশ সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রম তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো ইতিবাচক করে তোলে।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকিয়া শারমিন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা সরাসরি আমাদের কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করতে পারিনি। তবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পরোক্ষভাবে কাজ চালিয়ে গিয়েছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’

এদিকে সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

তারা মনে করছেন, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা করে চিকিৎসাসেবা নিশ্চিত করা নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ।