মিথিলার পর তাহসানের সঙ্গে অভিনয়ে আইরা
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা জুটির একমাত্র মেয়ে আইরা তেহরীম খান। সম্প্রতি মিথিলার সঙ্গে একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রে অভিনয় দিয়ে শোবিজে নাম লিখিয়েছেন। একটু একটু করে বাবা-মায়ের পথেই হাটতে শুরু করেছেন আইরা।
এবার একটি টুথপেস্টের বিজ্ঞাপনচিত্রে বাবা তাহসানের সঙ্গে দেখা গেল আইরাকে। মিথিলার মতো তাহসানের সঙ্গেও দারুণ সাবলীলভাবে পর্দায় উপস্থিত হয়েছেন। বিজ্ঞাপনচিত্রে অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন মিথিলা-তাহসান জুটির একমাত্র কন্যা আইরা।
এর আগে একটি ফেসওয়াশের বিজ্ঞাপনের জন্য প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন আইরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। সেবার বাদ যাননি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। ৪৬ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রটি নিজের ফেসবুকে শেয়ার করে ভারতীয় এই নির্মাতা লিখেছেন, ‘আইরু তুমি রকস্টার…।’
এদিকে আইরার ফেসওয়াশের বিজ্ঞাপনচিত্রটি নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা লিখেছিলেন, ‘এই নাও- প্রথমবারের মতো মা-মেয়ের যুগল উপস্থিত! আইরা আর মায়ের অভিযান চলছে...। আমাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ করুন এবং এই ভালোবাসা ছড়িয়ে দিতে থাকুন।’
বলে রাখা ভালো, ২০০৬ গায়ক-অভিনেতা তাহসান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল। এরপর তাদের সংসারে আসে আইরা। তবে দীর্ঘ দশ বছরে সংসার জীবন শেষে ২০১৭ সালে তাহসান-মিথিলা জুটির বিচ্ছেদ। বিচ্ছেদের দুই বছর পর সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ে হয়। সেই সূত্র ধরেই আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব গড়ে ওঠে।