টাইগার যুবাদেরও পাওয়ার হিটিং শেখাচ্ছেন উড
ছবি : সংগৃহীত
অন্যান্য দলের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেটে বড় শট খেলার ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে। ব্যাটসম্যানদের এই দুর্বলতা কাটিয়ে উঠতে দীর্ঘদিন ধরেই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবেই এবার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বিশেষ অনুশীলন করালেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড।
বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের সেরা কোচদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত এই ইংলিশ কোচ। চলতি মাসে বাংলাদেশে আসার পর থেকেই তিনি জাতীয় পুরুষ ও নারী দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন।
সোমবার (২৫ আগস্ট) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে লম্বা সময় ধরে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের নিয়ে কাজ করেন তিনি।
অনুশীলনে দলের সব ব্যাটাররা উপস্থিত ছিলেন। কীভাবে আরও কার্যকরভাবে বড় শট খেলা যায় এবং টেকনিকের উন্নতি সম্ভব সে বিষয়গুলোতে বিশেষ দিকনির্দেশনা দেন উড। মঙ্গলবার (২৬ আগস্ট) দ্বিতীয় দিনের মতো একইভাবে অনুশীলন চালিয়ে যাবেন যুবারা।
এদিকে, আগামী ৩১ আগস্ট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে যাবে। সেখানে স্বাগতিক ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে টাইগার যুবারা। সিরিজটি ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।এরপর ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।