নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার
ছবি : প্রতীকি
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকিতে কাজ করার সময় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একই এলাকার মাওলানা নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু (২৭) এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক (১৯)।
জানা গেছে, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ভবনের দুইজন ট্যাংকির ভেতরে স্যানিটারি রিংয়ের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।