ঢাকায় নেদারল্যান্ডস ক্রিকেট দল, সিলেটে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ

ঢাকায় নেদারল্যান্ডস ক্রিকেট দল, সিলেটে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার (২৭ আগস্ট) সকালে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল ঢাকায় এসে পৌঁছায়। সেখান থেকে সরাসরি তারা চলে যাবে সিলেটে। যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের সিরিজ।

বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবেই বিশেষ এই সিরিজ আয়োজন করা হয়েছে। এর আগে নেদারল্যান্ডস দুইবার বাংলাদেশ সফরে এলেও কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। ২০১১ বিশ্বকাপে টাইগারদের মুখোমুখি হয়েছিল তারা। এছাড়া ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা ঢাকায় সাতটি ম্যাচ খেললেও প্রতিপক্ষ ছিল অন্য দল।

আসন্ন সিরিজের জন্য নেদারল্যান্ডস দলে এসেছে তিন পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

তাদের বদলে নতুন করে দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেব্রাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। সিলেটে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।