জবিতে জুলাই স্মরণে বাগছাসের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জুলাই স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ।
টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের সদস্যসচিব শাহিন মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখা এবং জুলাই স্মরণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেমন খেলাধুলার কোনো সুযোগ পায় না। এ জন্যই আমাদের এই আয়োজন।’
বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম সম্পন্ন করেছি। জুলাই আলোচনা সভা, জুলাই দেয়ালিকা, এক্সিবিশন, সাহসী সাংবাদিক ও জুলাই অগ্নি সন্তানদের অতুলনীয় অবদান এবং জুলাই রিভোলিউশন ক্রিকেট টুর্নামেন্ট।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা শরীর ও মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। আমরা ভবিষ্যতেও চেষ্টা করব এ ধরনের প্রোগ্রাম চালিয়ে যেতে। জুলাইকে ধারণ করে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্যসচিব শাহিন মিয়া ছাড়াও মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, ক্রীড়া সেল সম্পাদক জিহাদসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিরা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। শহীদ সাজিদের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।