ভারতে ৮-৩ গোলের জয়ের দেখা পেল বাংলাদেশ
ছবি : সংগৃহীত
এশিয়া কাপ হকির পুরুষদের আসরে গ্রুপ ‘বি’র একটি গুরুত্বপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৪ গোলে হারের পর এই জয়টি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই প্রতিদ্বন্দ্বিতা করলেও বিরতির পর পুরো খেলায় আধিপত্য দেখায় বাংলাদেশ। শেষ দুই কোয়ার্টারে তারা ৫টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। তিনজনই করেছেন দুটি করে গোল। এছাড়াও সোহানুর সবুজ ও রেজাউল বাবু একটি করে গোল করেন।
চাইনিজ তাইপের হয়ে দুটি গোল করেন সুং-ইউ সিয়া এবং শেষ মুহূর্তে একটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুং-জেন শিহ।
আগামী ১ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী কোরিয়ার। অন্যদিকে চাইনিজ তাইপে লড়বে মালয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের।