কল্যাণ পার্টি থেকে সৈয়দ ইবরাহিম বহিষ্কার
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে (বীর প্রতীক) দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন নেতারা। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। নিজ হাতে গড়া দল কল্যাণ পার্টি থেকে বহিষ্কার হলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এবার নির্বাচন কমিশন (ইসি) থেকেও তার নাম বাদ দিতে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নতুন নেতৃত্ব।
সোমবার (১ সেপ্টেম্বর) ইসির সচিবের কাছে লেখা নতুন কমিটির চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মুহাম্মদ আবু হানিফের এক চিঠিতে এমন তথ্য জানা গেছে।
চিঠিতে মুহাম্মদ ইবরাহিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে অপসারণ ও নতুন কমিটি গঠনের সব তথ্য জমা দেওয়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ কল্যাণ পার্টির (নিবন্ধন নং-০৩১) দাপ্তরিক ঠিকানা পরিবর্তিত হয়েছে। পূর্বে চেয়ারম্যানের কার্যালয় ছিল বাড়ি নং-৩২৫, লেইন নং-২২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১৬ এবং মহানগর কার্যালয় ছিল ৮৫ নয়াপল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০।
গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভায় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদমর্যাদায় ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ঠিকানা পরিবর্তিত হয়ে দাপ্তরিক ঠিকানা- ২৬৬/১, কমিশনার গলি, ফকিরেরপুল, থানা- মতিঝিল, জেলা- ঢাকা-১০০০ করা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ কল্যাণ পার্টির গঠণতন্ত্রের অনুচ্ছেদ ২০(ঞ) এর ১-৫ মোতাবেক পার্টির চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক-এর পরিবর্তে মো. শামসুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব আবদুল আউয়াল মামুন-এর পরিবর্তে মুহাম্মদ আবু হানিফ-কে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবু হানিফের নেতৃত্বে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ খবর প্রকাশিত ও প্রচারিত হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ১২ জুন অনুষ্ঠিত বিশেষ কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফকে কাউন্সিলরদের সম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে বাংলাদেশ কল্যাণ পার্টির পরিবর্তিত দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান ও মহাসচিব-এর পরিবর্তিত নাম নিবন্ধিত হওয়া আবশ্যক। এ বিষয়ে পার্টির গঠনতন্ত্রে কমিশনকে অবগতির বাধ্যবাধকতা রয়েছে। এজন্য বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান দাপ্তরিক ঠিকানা, চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফ এর নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইসি সচিবকে লেখা চিঠিতে অনুরোধ করা হয়েছে।
২০০৭ সালে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গড়া দলটি ২০০৮ সালে ইসির নিবন্ধন পায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোট বেধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।