মেঘনার এক ইলিশই বিক্রি হলো ১২ হাজার টাকায়!

মেঘনার এক ইলিশই বিক্রি হলো ১২ হাজার টাকায়!

ছবি : সংগৃহীত

মেঘনা নদীতে ধরা পড়া একটি ইলিশ মাছই বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। জেলেদের কাছ থেকে মাছটি কিনেছেন মনসুর আহমেদ মাহিম নামে চাঁদপুর বড়স্টেশনের এক মৎস্য ব্যবসায়ী। তার দাবি, বাজারের সবচেয়ে বড় রাজা ইলিশ এটি।

এদিকে বড় আকৃতির ইলিশ দেখে খুশি হলেও দাম শুনে হতাশ ক্রেতারা। এমনকি এক কেজি সাইজের ইলিশের প্রতি মণ এক লাখ টাকা বা তার বেশি দরদামে বিকিকিনি হচ্ছে। তাই মাছের সঙ্গে ছবি তুলেই বাজারে আসা সন্তুষ্ট থাকতে হচ্ছে অনেক ক্রেতাকে। 

মঙ্গলবার (২ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চাঁদপুর বড়স্টেশন মাছবাজারে আসা ক্রেতা সোহেল হোসেন ১২ হাজার টাকায় বিক্রি হওয়া ইলিশ মাছটি সম্পর্কে বলেন, ‘ইলিশ মাছটির সাইজ যেমন বড়, তেমনি দেখতেও অনেক ভালোই লাগলো। কিন্তু দাম শুনে অবাক হয়ে গেছি। আসলে এত দাম দিয়ে সামর্থ্যবানরাও এই ইলিশ কিনতে চাইবেন না। হয়তো কেউ শখের বশে কিংবা কোথাও বিশেষ কোনও আয়োজনে চমক দেখাতে এ ধরনের মাছ কিনবেন।

চাঁদপুর বড়স্টেশন আড়তের মৎস্য ব্যবসায়ী মনসুর আহমেদ মাহিম বলেন, নোয়াখালি নদী অঞ্চল থেকে এই ইলিশ মাছ জেলেরা বাজারে আনেন। এরপর ব্যবসায়ীদের মধ্যে নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছগুলো আমি পেয়েছি। প্রতি মণের দাম পড়েছে ১ লাখ ৯২ হাজার টাকা। আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি আমি কিনেছি ১২ হাজার টাকা দিয়ে। এই মাছটি পুরো বাজারের সেরা ইলিশ।

এছাড়াও দুই কেজি ২০০ গ্রাম ওজনের আরও একটি বড় ইলিশ কিনেছেন তিনি। মনসুর আহমেদ জানান, দুই কেজি ২০০ গ্রাম ওজনের সেই ইলিশটি তিনি কিনেছেন ৮ হাজার ৮০০ টাকায়। মাছের দাম বেশি হওয়ায় বাজারে ক্রেতা কম। তাই সামান্য লাভ পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন এ মৎস্য ব্যবসায়ী।

বাজার ঘুরে দেখা গেছে, কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। চাঁদপুরের বাজারে এক কেজি ওজনের একেকটি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৭০০ টাকায়। আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হতে দেখা গেছে ১৭০০-১৮০০ টাকা কেজি দরে। এমনকি ইলিশের জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০-৮০০ টাকা দরে।

এ ব্যাপারে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ভরা মৌসুমে হলেও সাগর থেকে মাছ আসছে না। মেঘনা নদীর কিছু লোকাল মাছ বাজারে আসছে।