১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
প্রতিকী ছবি
দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকার সাঈদ মোল্লাকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জর্জ এ তথ্য জানান।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ পারে পরিবার নিয়ে ভাড়া থাকত ওই কিশোরী। সাঈদ মোল্লা ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি ভুক্তভোগীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। ২০২১ সালে একদিন ভুক্তভোগী ভাইকে খুঁজতে বাসা থেকে নিচে নামে।
আসামি কৌশলে তাকে ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করেন। পরে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরদিন তার মা থানায় মামলা করেন।
পরের বছর ৩১ আগস্ট মামলাটি তদন্ত করে সাঈদ মোল্লাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আলী জিন্নাহ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।