স্বামীর মোটরসাইকেল প্রাণ গেল স্ত্রীর
প্রতিকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শ্রাবন্তি ভাদুরী (২১) নামের এক নারী। এ সময় শ্রাবন্তির স্বামী সঞ্জয় (২৫) গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় ও তার স্ত্রী শ্রাবন্তি ভাদুরী। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এ দম্পতি।
এতে স্ত্রী শ্রাবন্তি ভাদুরী ঘটনাস্থলেই নিহত হন। আহত সঞ্জয়কে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
আহত সঞ্জয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত শ্রাবন্তি ভাদুরীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।