নির্বাচন করতে চাইলে বুলবুলের পদত্যাগ করা উচিত: তামিম
অধিনায়ক তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে জমে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। অক্টোবরের শুরুতেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে বুলবুল এখনো সভাপতির পদে থাকায় নির্বাচন নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম।
এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমার মনে হয়, ওনার (বুলবুল) রিজাইন করে দেওয়া উচিত। কারণ, নির্বাচন কতটা ফেয়ার হবে, তা নিশ্চিত না। যেহেতু উনি একজন সৎ ব্যক্তি, আমি বিশ্বাস করি, উনি স্বচ্ছ সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘উনি চাইলে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন—নির্বাচনের এক মাস আগে পদত্যাগ করে। এতে অন্তত নির্বাচনের আগে কারও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।’
এদিকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন বুলবুল, যা নিয়েও সৃষ্টি হয়েছে আলোচনা ও বিতর্ক। এই প্রসঙ্গে তামিম নির্বাচনের স্বচ্ছতা ও সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এই নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়বেন তামিম ইকবাল। তবে আপাতত সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। তামিম জানিয়েছেন, ‘প্রথমে পরিচালনায় যুক্ত হয়ে দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই। তবে পরিচালকদের সমর্থন থাকলে ভবিষ্যতে সভাপতির দায়িত্ব নিতে আগ্রহী।’