বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রিকশাচালকদের জন্য ট্রাফিক সচেতনতা কর্মসূচি
সংগ্রহীত ছবি
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজ রবিবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় রিকশাচালকদের নিয়ে একটি ট্রাফিক সিগনালিং বিষয়ক কুইজ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শতাধিক রিকশাচালক।
অনুষ্ঠানে ট্রাফিক সিগনালের অর্থ, রাস্তা পারাপারের নিয়ম, ইউ-টার্ন নেওয়া ও সড়ক নিরাপত্তাসংক্রান্ত নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট, প্রয়োজনীয় উপকরণ ও সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি শ্যামল হোসেন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক এমরান শেখ, দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক রবিউল আওয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝর্ণা হিয়া, সমাজকল্যাণ সম্পাদক হারুন অর রশিদ এবং কার্যনির্বাহী সদস্য আনিকা তাবাসসুম, সুলতান, সুমাইয়া সিনহা প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, প্রতিদিন হাজারো যাত্রী বহন করেন রিকশাচালকেরা। ট্রাফিক সিগনাল ও সড়ক নিরাপত্তা সম্পর্কে তাদের সচেতনতা থাকা অত্যন্ত জরুরি।
এই আয়োজনের মাধ্যমে আমরা সচেতনতা বাড়াতে চাই, যেন তারা নিয়ম মেনে চলে দুর্ঘটনা কমায়। সহসভাপতি শাহানুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা আনতে হলে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে চাই, যাতে শুধু রিকশাচালক নয়, সাধারণ মানুষও ট্রাফিক আইন মেনে চলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া রিকশাচালক মো. রফিকুল ইসলাম বলেন, অনেক সময় ট্রাফিক সিগনালের নিয়ম ভালোভাবে না জানার কারণে ভুল হয়।
আজকের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি। এখন থেকে নিয়ম মেনে চলার চেষ্টা করব।
রিকশাচালকেরা এমন একটি সচেতনতামূলক উদ্যোগে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, নিয়মিত এ ধরনের আয়োজন তাদের জন্য শিক্ষণীয় ও সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, এমন সামাজিক সচেতনতামূলক আয়োজন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের যানবাহন ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।