শারদীয় দুর্গাপূজায় রাজশাহীতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে
ছবি : সংগৃহীত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আরএমপির সদর দপ্তরে সভার সভাপতিত্ব করেন কমিশনার আবু সুফিয়ান।
সভায় জানানো হয়, আরএমপির ১২টি থানায় মোট ১০৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। যেকোনো প্রকার গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আরএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে স্থায়ী ও মোবাইল ফোর্সের পাশাপাশি সাইবার টিম, সিআরটি টিম ও গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে। মাঠ পর্যায়ে সহযোগিতা করবে সেনাবাহিনী, র্যাব, আনসার ও দমকল বাহিনী।
সভায় প্রতিটি মন্ডপে সিকিউরিটি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবী প্রহরী নিয়োগের পরামর্শ দেওয়া হয়। সকল রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের প্রতিনিধিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পূজা উদযাপনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।