ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন সচেতন শিক্ষার্থী সংসদের
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের মনোনীত ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত ও জিএস প্রার্থী মো. খায়রুল আহসান মারজান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ডাকসু জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিজয়ীরা দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষা, আবাসন-খাদ্য-শিক্ষা সমস্যা সমাধান, হিজাবফোবিয়া দূরীকরণ, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন, সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন এই প্রত্যাশা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ সময় পর হওয়া এ নির্বাচন মত ও পথের সহাবস্থান এবং মুক্তমত চর্চার ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। তবে প্রক্রিয়ায় অনিয়ম, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ও কারচুপির অভিযোগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগ যাচাই ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।