কোনো কর্মকর্তা গ্রাহকের তথ্য জানতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কোনো কর্মকর্তা গ্রাহকের তথ্য জানতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অনলাইন রিটার্ন দাখিলকারীদের সুবিধার্থে সরাসরি ব্যাংকের সঙ্গে সংযোগ করা হচ্ছে। এ নিয়ে ভয়ের কিছু নেই। করদাতাদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনো কর্মকর্তা গ্রাহকের তথ্য দেখতে পারবেন না।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সভায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, এতে সুবিধা করদাতাদের জন্যই। ব্যাংকের আমানত সংগ্রহে কিংবা করদাতাদের কোনো সমস্যা হবে না। করদাতাদের যাতে বারবার হিসাব বিবরণী জমা দিতে না হয়, সে কারণে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে।

এর আগে গত ১৪ আগস্ট এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, করদাতাদের অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগ থাকবে। এর মাধ্যমে করদাতার অ্যাকাউন্টের ব্যালান্স, সুদের আয় এবং কর্তন করা উৎসে কর রিয়েল টাইমে জানা যাবে। এরপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে, গ্রাহকের ব্যাংক হিসাবের তথ্য এনবিআর কর্মকর্তাদের কাছে চলে যাবে কি না। এতে ব্যাংকের আমানত কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর কমতে কমতে ২০ শতাংশে নেমেছে। আগামীতেও করপোরেট কর রিটার্ন অনলাইনে দাখিল করা হবে। আমাদের লক্ষ্য ব্যবসায়ীরা যাতে কষ্ট না পান এবং বিনিয়োগে আগ্রহী হন।

মো. আবদুর রহমান খান বলেন, বেশির ভাগ করদাতা রিটার্ন দেন না। টিআইএনধারীদের নোটিশ দেওয়াকে হয়রানি বলা ঠিক নয়। রিটার্ন জমা দিলেই সমস্যার সমাধান হয়। অটোমেশনের মাধ্যমে আমরা এখন র‌্যান্ডম ভিত্তিতে অডিটের সিদ্ধান্ত নিয়েছি। কোম্পানির ক্ষেত্রে তিনটির মধ্যে অন্তত একটি নতুন ফাইল অডিটের আওতায় আসবে।
ভ্যাট হার নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট রেট নিয়ে অনেক আপত্তি রয়েছে। প্রয়োজনে ভ্যাট রেট কমানো হবে। ভ্যাট রেট হবে একক হারে। আমরা চাই ডিজিটালাইজেশন। আমরা সফটওয়্যার উন্নয়ন করতে চাই।