চাচার দায়ের কোপে ৩ বছরের ভাতিজি নিহত

চাচার দায়ের কোপে ৩ বছরের ভাতিজি নিহত

সংগ্রহীত ছবি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে চাচার দায়ের কোপে ৩ বছরের এক ভাতিজি নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম রাহিয়া বিন রাহী। তার ডাকনাম ফাতেমা।

সে এলাকার উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে। অভিযুক্ত চাচার নাম নুরুল হাকিম। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হাকিম নামের যুবক তার আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চায়।

ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি রাহিয়া বিন রাহীকে (৩) ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন নুরুল হাকিমকে আটক করে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি ঘটনা। অভিযুক্তকে আটক করা হয়েছে  এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।