গ্লোবাল ফিউচার কাউন্সিলে আমন্ত্রণ পেলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক
আসিফ সালেহ্
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ২০২৫-২৬ মেয়াদের জন্য বিশ্ব অর্থনৈতিক ফোরাম ‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।
ব্র্যাক থেকে জানানো হয়েছে ‘গ্লোবাল ফিউচার কাউন্সিল অন রিইমাজিনিং এইড’ বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল ফিউচার কাউন্সিল নেটওয়ার্কের অংশ, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুবিষয়ক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম।
এই নেটওয়ার্কে ৩৭টি ভিন্ন ক্ষেত্রে সাত শর বেশি খ্যাতনামা বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। প্রতিটি কাউন্সিল থিংকট্যাংক হিসেবে কাজ করে।
যেখানে সরকার, ব্যবসাবাণিজ্য, একাডেমিয়া, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা একত্রিত হয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎমুখী নীতি ও পরিকল্পনা প্রণয়নে কাজ করেন। কাউন্সিলের সদস্য হিসেবে আসিফ সালেহ্ বৈশ্বিক বিশেষজ্ঞদের একটি দলের সঙ্গে কাজ করবেন।