শ্রীলেখাকে বয়কটের দাবিতে পোস্টার, ‘নির্বিকার’ পুলিশ!
ছবি: সংগৃহীত
শাসক দলের নেতাদের দুর্নীতি, শিক্ষকদের চাকরি বাতিল বা আরজি করের নির্যাতিতার হয়ে পথে নামাসহ বিভিন্ন প্রতিবাদেই সরব থাকতে দেখা গেছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। আর তাতেই যেন তিনি সমাজের বিশেষ একটা অংশের মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন।
কিছুদিন আগে অভিনেত্রীর বাড়ির আশপাশে কিছু পোস্টার লক্ষ করা যায়, যেখানে তাকে সামাজিকভাবে বয়কট করার দাবি তোলা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শ্রীলেখা জানান যে, তাকে নিয়ে বিভিন্ন কুরুচিকর পোস্ট, বয়কট করার ডাক দেওয়া সেই পোস্টার সরিয়ে ফেলতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
তবে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন শ্রীলেখা। অভিনেত্রীর পাশে দাঁড়ান আদালত। নিরাপত্তা সংক্রান্ত সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে, তার বাড়ির সামনের সব পোস্টার সরিয়ে ফেলতে হবে।
বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের আদেশ অনুসারে, শ্রীলেখার নিরাপত্তার বিষয় নিশ্চিত করবেন স্থানীয় পুলিশ। আর অভিনেত্রীর বাড়ির আশপাশে কোনো বিতর্কিত বা অসম্মানজনক পোস্টার থাকলে তা খুলে ফেলতে হবে পুলিশকেই। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে কোনো কুরুচিকর মন্তব্য করা হলে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশকে। আগামী ডিসেম্বর মাসে হবে শ্রীলেখার মামলার শুনানি।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট অভয়ার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন শ্রীলেখা। বছর পেরিয়ে গেলেও বিচার অধরা। প্রতিবাদ মঞ্চ থেকে ভাষণও দিয়েছিলেন তিনি। এরপরই নেট দুনিয়ায় এবং সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকার হতে হয় শ্রীলেখাকে। তার কয়েকদিনের মধ্যেই শ্রীলেখাকে বয়কটের ডাক দিয়ে বাড়ির সামনে লাগানো হয় পোস্টার।