যশোর ঝিকরগাছা-চৌগাছায় ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা পেলেন ৫০ হাজার রোগী

যশোর ঝিকরগাছা-চৌগাছায় ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা পেলেন ৫০ হাজার রোগী

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: যশোর ঝিকরগাছা-চৌগাছা উপজেলার দুটি পৌরসভা এবং ২১টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। 

জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সেবা কার্যক্রমটি পরিচালিত হয়। প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ছিল ক্যাম্পের আয়োজন। মানবিক এই উদ্যোগে আরও সহযোগিতা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও আকিজ বেকার্স লিমিটেড।

৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার থেকে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়। ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে অনুষ্ঠিত ক্যাম্পটির উদ্বোধন করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্টপোষক প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

১৩ সেপ্টেম্বর শনিবার চৌগাছার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৩তম ক্যাম্পটির মাধ্যমে মাসব্যাপি আয়োজনের সমাপ্তি হয়। সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। 

এসব ক্যাম্প থেকে প্রায় ৫০ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন। এরমধ্যে প্রায় এক হাজার রোগীর বিমামূল্যে চোখের ছানী অপারেশন করা হয়েছে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছানী অপারেশনের সুবিধা দেয়া হয়েছে। চোখ পরীক্ষার পর বিনামূল্যে চশমা পেয়েছেন আড়াই হাজার রোগী।

ক্যাম্পগুলো থেকে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা সেবা পেয়েছেন সাধারণ মানুষ। শুধু ব্যবস্থাপত্র নয়, রোগীদের প্রয়োজনীয় ডায়াগনোস্টিক, ফ্রি চোখ পরীক্ষা করে চশমা প্রদান এবং ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ক্যাম্পগুলো উল্লেখযোগ্য সংখ্যক চোখের রোগী উপস্থিত হতে দেখা গেছে। চক্ষু বিভাগের অভিজ্ঞ টিম চোখের প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম এবং যন্ত্রপাতি নিয়ে ক্যাম্পে সেবা প্রদান করেন। 

এছাড়া সহজ বাংলা ভাষায় অনুবাদ করা পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হচ্ছে এখান থেকে। প্রতি ক্যাম্পে তিনশ পিস করে প্রায় ৭ হাজারটি কুরআন বিতরণ করা হয়েছে।

উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সী এবং ধর্ম-বর্ণ ও শ্রেণি পেশার নারী, পুরুষ, এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে ছুটে আসেন। ক্যাম্পগুলোতে মহিলাদের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকে লম্বা লাইন দিয়ে মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে দেখা গেছে। স্বাস্থ্য সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন তারা।

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ একদল চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করছেন। কাজ করেছেন নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ড এবং ফার্মাসিষ্টরা। আন্তরিক সহযোগিতা করছেন স্থানীয় পুরুষ ও নারী স্বেচ্ছাসেবক।

গোটা ক্যাম্প সরাসরি তদারকি করেছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। শুধু তদারকি নয়, সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং নিজে রোগীও দেখেছেন তিনি। সমস্যা সমাধানে দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ।

ক্যাম্পে উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করছেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হকের নেতৃত্বে অভিজ্ঞ মেডিকেল টিম।