সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংগ্রহীত ছবি

নির্বাচন কমিশন কর্তৃক ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ সংসদীয় আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া। নতুন কর্মসূচি হিসেবে রবি, সোম ও মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আটটি পয়েন্টে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি তসলিম ইসলাম অভি, খেলাফত মজলিসের মোহাম্মদ জাবের  হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আতিউর রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুনসুর আহমদ মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বলেন, আলগী ও হামিরদী ইউনিয়নের সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কোনো সম্পর্ক নাই। নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার এই দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্নকরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে করে এ দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, এই জনপদের মানুষ কোনোভাবেই তাদের প্রিয় মাতৃভূমি ভাঙ্গা উপজেলাকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র মেনে নেবে না।

এই দুইটি ইউনিয়নের সীমানা ভাঙ্গা উপজেলার সঙ্গে পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাই, অবিলম্বে এ অঞ্চলের  মানুষের দাবির যৌক্তিকতা উপলব্ধি করে আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসুন।

এর আগে গত সপ্তাহের ৪ দিন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে স্থানীয় জনগণ সড়ক অবরোধ করে।  সর্বশেষ গত বৃহস্পতিবার সড়কের সঙ্গে রেল পথও অবরোধ করা হয়।

এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।