ফরিদা পারভীনকে নিয়ে শাহনাজ খুশির আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন অসুস্থার পর শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে অনন্তলোকে পাড়ি জমান একুশে পদক প্রাপ্ত বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। গায়িকার মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের শোবিজ অঙ্গন। সামাজিকমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি নানা তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি প্রকাশ করছেন তারকা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেশের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি এক পোস্টে লেখেন, ‘গানের মানুষ- সুর যন্ত্রের মানুষের কাছে আমার নিজেকে ভিক্ষারী মনে হয়! মনে হয় বিধাতার এ এক অলিক পক্ষপাত এটা! কীভাবে একটা মানুষ চাইলেই যেমন ইচ্ছে তেমন করে কথায় সুর জুড়ে দেয়? অবলিলায় অবগাহন করতে পারে এ তারা থেকে সে তারায়! আর তিনি যদি সু সম্রাজ্ঞী হন তাহলে তো কোনো কথা- বিশেষণ কিছু থাকে না!’
এরপর নিজের স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, ‘ফরিদা আপার সাথে আগে অনেকবার দেখা হয়েছে চ্যানেল আই’তে। ভক্তি বিনিময় করেছি। কয়েক মাস আগে শেষ দেখা হলো রেডিসনে একটা পত্রিকার বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে উঠে দাঁড়াতেই হাত তুলে কাছে ডাকলেন। বললেন সব সময় দেখা হয় কিন্তু ছবি তুলি না। আজ আমার প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তুলবো। এমন বিখ্যাত মানুষের এমন কথায় আমি তো লজ্জিত-কুণ্ঠিত হয়ে গেলাম।’
কথার সূত্র ধরে খুশি আরও লেখেন, ‘কাছে দাঁড়ালাম। তিনি বারবার আমার ছেলেদের সাথে কথা বললেন। বললেন,’মায়ের দোয়া নিবা, মাকে ভক্তি করবা, মায়ের দোয়া যে সন্তান পায় না সে দুর্ভাগা। তোমার মা তো গুণী মা, তাঁর যে সংগ্রাম ইত্যাদি ইত্যাদি……।’ কথার জন্য ক্যামেরার মুখোমুখি হতে বেশ সময় লাগলো তাঁর। বাচ্চাদের সাথেই তাঁর বেশী কথা যেন।’
এই অভিনেত্রী যোগ করেন, “একটু যেন খুঁড়িয়ে হাঁটছিলেন। জিজ্ঞাসা করতেই বললেন, ‘শরীর ভালো নারে!’ সে ভালো না যে এত খারাপ তা সেদিন আন্দাজ করতে পারিনি! বাচ্চাদের তিনি সেদিন যে উপদেশ-আর্শীবাদ করেছিলেন, সেটা তাঁদের মনে থাকবে কিনা জানিনা। তবে তাঁর সান্নিধ্যের সে দিনের সেই মুহূর্তটা আমার জীবনের স্মরণীয় একটা মুহূর্ত হয়ে আছে।”
সবশেষে তিনি লেখেন, ‘আপনার সুরে জীবনের কথা, মৃত্যুর কথা, মৃত্যুর পরের কথা! নিজের জীবনের অনেক ব্যাথার জায়গা দেবার জন্য আপনার গানের ভাঁজে ভাঁজে জায়গা খুঁজি, হালকা হই। এমন শিল্পীর তো মৃত্যু হয় না আপা! তবে এ শুন্যতা অপূরনীয়! আপনি সব সময় রয়ে যাবেন আমাদের আনন্দ-বেদনা এবং গৌরবের জায়গা হয়ে। বিনম্র শ্রদ্ধা সুর সম্রাজ্ঞী, লালন কন্যা- ফরিদা পারভিন।’