পুরনো গয়না নতুনের মতো করার উপায়
ছবি: সংগৃহীত
বিয়ে, ঈদ, পূজা কিংবা বিশেষ কোনো দিন। সাজগোজ মানেই পছন্দের পোশাক আর সঙ্গে মানানসই গয়না। বর্তমানে সাবেকি গয়নার ট্রেন্ড চলছে। তাই নতুন গয়নার বদলে পুরনো গয়নাই বেশিরভাগ মানুষ বেছে নিচ্ছেন নিজেকে সাজাতে।
পুরনো গয়নায় অনেকসময় কালচে ভাব দেখা দেয়। কখনো হারায় গয়নার ঔজ্জ্বল্যতা। একেক ধাতুর তৈরি গয়নার যত্ন একেকভাবে নিতে হয়। কীভাবে পুরনো গয়না নতুনের মতো উজ্জ্বল করবেন জানুন তার উপায়-
সোনার গয়না পরিষ্কার করার উপায়
একটা বাটিতে উষ্ণ পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা তরল ডিটারজেন্ট মিশিয়ে নিন। এতে সোনার গয়নাগুলো ডুবিয়ে রাখুন। এবার পুরনো নরম টুথব্রাশ দিয়ে গয়নাগুলো একটু ঘষে নিন। এতেই চকচক করবে পুরনো সোনার গয়না।
সোনার গয়না কালো হলে কিংবা খুব ময়লা হয়ে গেলে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করুন। তরল সাবানের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এর মধ্যে সোনার গয়না মিনিট পাঁচেক রেখে তুলে ফেলুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
রূপার গয়না পরিষ্কার করার উপায়
রূপার গয়না পরিষ্কার করতেও বেকিং সোডাকে কাজে লাগাতে পারেন। ঈষদুষ্ণ পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন। একটি অ্যালুমিনিয়ম ফয়েল নিন। এর উপর রূপার গয়নাগুলো রাখুন। এবার তার ওপর বেকিং সোডা মেশানো পানি ঢেলে দিন। এভাবে ৩০ মিনিট রেখে দিন। এরপর হাত দিয়ে ঘষে গয়নাগুলো পরিষ্কার করে নিন।
মুক্তোর গয়না পরিষ্কার করার উপায়
এখন ট্রেন্ড চলছে মুক্তোর গয়না। হালকা গয়নায় সাজতে হলে মুক্তোই ভরসা। কিন্তু এই গয়না একটু বেশি যত্নে রাখতে হয়। ঈষদুষ্ণ পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ধীরে ধীরে মুক্তোর গয়না পরিষ্কার করুন। নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। তবে শ্যাম্পু পানিতে মুক্তো ভিজিয়ে রাখবেন না।
হিরের গয়না পরিষ্কার করার উপায়
হিরের গয়না পরিষ্কার করা খুব সহজ। চার কাপ পানিতে এক চা চামচ শ্যাম্পু গুলে নিন। ক্ষার মুক্ত শ্যাম্পু ব্যবহার করা চেষ্টা করবেন। ওই পানিতে যে ফেনা তৈরি হবে তার মধ্যে হিরের গয়না কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে হিরের গয়না পরিষ্কার করে নিন। পরিষ্কার পানিতে ধুয়ে মুছে নিলেই চকচক করবে হিরের গয়না।