বাংলাদেশ স্যাটেলাইটের সেবা টানা ৮ দিন ব্যাহত হতে পারে
সংগ্রহীত ছবি
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। গতকাল বুধবার বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সৌর ব্যতিচার জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা, যা বছরে দুবার ঘটে। এই ঘটনার সময় সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একই সরলরেখায় চলে আসে, ফলে সূর্যের শক্তিশালী সৌর বিকিরণ স্যাটেলাইটের সিগন্যালকে বাধাগ্রস্ত করে।
বিএসসিএল সম্ভাব্য বিঘ্নের একটি সময়সূচিও দিয়েছে : ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ থেকে ৯টা ৩৮ পর্যন্ত (৩ মিনিট), ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ থেকে ৯টা ৪১ পর্যন্ত (৯ মিনিট), ১ অক্টোবর সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪২ পর্যন্ত (১২ মিনিট), ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪২ পর্যন্ত (১৩ মিনিট), ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪১ পর্যন্ত (১২ মিনিট), ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ থেকে ৯টা ৪০ পর্যন্ত (১১ মিনিট), ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৩৮ পর্যন্ত (৮ মিনিট)।