ঢাকার ডেমরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকার ডেমরায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিকী ছবি

ঢাকার ডেমরায় গলায় ওড়না পেঁচিয়ে আশেক (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার রাণিমহল, পূর্ব বক্স নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আশেক সেলসম্যানের কাজ করতেন বলে জানা গেছে। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাইপ পাজুরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ডেমরার বক্স নগর হাজী রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। 

আশেকের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আশেক তার নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। ঘটনাটি দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাত পৌনে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।